বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামের একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলোর অবস্থা ও প্রাথমিক আলামত দেখে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মরদেহগুলো উদ্ধারের পর ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ।
নিহতরা হলেন- আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮৫)। আহাত কচুয়া উপজেলার বাসিন্দা আব্দার হাওলাদারের ছেলে। মনিরা বেগম মৃত রশিদ শেখের মেয়ে এবং রাশিদা বেগম মৃত রশিদ শেখের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা বুলু বেগম জানান, বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে তার সন্দেহ হয়। পরে বিষয়টি খোঁজ নিয়ে ঘরের ভেতরে গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটেছে বলেও ধারণা করছি। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, হত্যার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।








