রায়গঞ্জে বাসে তল্লাশি, ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মোছা. বেগম (৬৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-১২ সদর কোম্পানি সূত্রে জানা যায়, মাদক পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোছা. বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
আটক মোছা. বেগম দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী এবং মৃত গমির উদ্দিনের মেয়ে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে দিনাজপুর সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।








