Logo

গোসাইরহাটে বাড়িতে হামলা, নারীসহ একই পরিবারের তিনজন আহত

profile picture
উপজেলা প্রতিনিধি
গোসাইরহাট, শরীয়তপুর
২৪ আগস্ট, ২০২৬, ১২:২০
গোসাইরহাটে বাড়িতে হামলা, নারীসহ একই পরিবারের তিনজন আহত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে বাড়িতে ঢুকে এক নারীসহ একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে গোসাইরহাট থানায় মামলা করেছেন আহত পরিবারের এক সদস্য।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী গ্রামের বসকাঠি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—চরমাইজারী গ্রামের আলী আহম্মদ বেপারী (৩৫), তার স্ত্রী শিরিন বেগম (৪৫) এবং আলী আহম্মদের বাবা ইউছুপ আলী বেপারী (৬৫)। গুরুতর আহত অবস্থায় তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলার বাদী আলী আহম্মদ বেপারী জানান, ঘটনার দিন সকালে তিনি বাড়ির পশ্চিম পাশে নিজের ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় আবু কালাম ঘরামী তাঁর জমির ওপর দিয়ে একটি ট্রাক নিয়ে যাওয়ার সময় ধানের ক্ষতি হয়। পরে ওই জমির ওপর দিয়ে ট্রাক না নেওয়ার জন্য তিনি নিষেধ করলে আবু কালাম ঘরামী ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর আলী আহম্মদ সেখান থেকে বাড়িতে চলে আসেন। কিছুক্ষণ পর আবু কালাম ঘরামী তাঁর ছেলেদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ আলী আহম্মদের বাড়িতে প্রবেশ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, বাড়িতে প্রবেশের পর হামলাকারীরা প্রথমে আলী আহম্মদের স্ত্রী শিরিন বেগমকে মারধর করেন। একপর্যায়ে সজীব ঘরামী ধারালো দা দিয়ে শিরিনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্ত্রীকে রক্ষা করতে শিরিন বেগমের শ্বশুর ইউছুপ আলী বেপারী এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে লোহার রড দিয়ে তাঁর ডান হাতে আঘাত করা হয়। এতে তাঁর হাতের হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

বিজ্ঞাপন

পরবর্তীতে আলী আহম্মদ বেপারীকেও লাঠি দিয়ে মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে। হামলার সময় বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও মামলার এজাহারে করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে আহত আলী আহম্মদ বেপারী বাদী হয়ে গোসাইরহাট থানায় মামলা করেন। মামলায় আবু কালাম ঘরামী (৫৫), তাঁর ছেলে সজীব ঘরামী (২৩), রাজীব ঘরামী (২৫), মিরাজ ঘরামী (২১), আমিনুল ইসলাম ঘরামী (১৯) এবং আবু সালাম ঘরামী (৫০)-কে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তাঁদের সবাইকে চরমাইজারী গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে মামলার অন্যতম আসামি মিরাজ ঘরামীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD