Logo

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৮ আগস্ট, ২০২৬, ১৮:৫১
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিলের একাধিক ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশের সড়ক দিয়ে মিছিলটি বের করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলটিতে অংশ নেন অন্তত ১৫-২০ জন নেতাকর্মী। এ সময় ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি দেখা যায়।

এ মিছিলের কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরতে দেখা যায়। সেখানে আসিফের নেতৃত্বে বাকিরা স্লোগান ধরেন এবং কয়েক মিনিট স্থায়ী মিছিলটি দ্রুত শেষ করে নেতাকর্মীরা সরে যান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকা অবস্থায় ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যায়। পরে তারা দ্রুত সড়কটি ছেড়ে যায়।

মিছিলের বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, মিছিলের বিষয়ে তিনি কিছুই জানেন না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD