পূবাইলে নিজ ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ কক্ষ থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। সোমবার (৩১ আগস্ট) রাতে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে তাঁদের কোনো সন্তান ছিল না।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল শেষে নিজের কক্ষে চলে যান।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। এতে তাঁদের সন্দেহ হয়। পরে পূজার ভাই অন্য একটি কক্ষের সিলিংয়ের দিক দিয়ে ওই কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান।
বিজ্ঞাপন
পরে পরিবারের সদস্যরা কক্ষের দরজা খুলে তাকে দ্রুত উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার বিষয়টি জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।








