ফেনীর কিশোরীসহ তিনজনের মরদেহ উদ্ধার

ফেনীর সোনাগাজী ও সদর উপজেলা থেকে এক কিশোরীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে পৃথক তিনটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুই মধ্যবয়সী পুরুষ ও ১৪ বছর বয়সী এক কিশোরী।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সোনাগাজী উপজেলার ওয়াপদা রোডের একটি পরিত্যক্ত পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫)। তিনি সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরগণেশ এলাকার ডাউল বেপারী বাড়ির আহসান উল্লাহর ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
একই উপজেলার চড়ছান্দিয়া ইউনিয়নের চর সাহা ভিকারী গ্রাম থেকে বিবি মরিয়ম প্রকাশ ফাইমা (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মায়ের সঙ্গে অভিমান করে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত ফাইমা ওই গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে।
বিজ্ঞাপন
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন থেকে আবেদ আলী (৪৫) নামের এক ডেইরি খামার কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবেদ আলী রংপুরের বাসিন্দা এবং তিনি স্থানীয় আজাদের গরুর খামারে দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন। খামারে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








