বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পরিবার ও স্থানীয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা অবলম্বন এবং প্রতিটি পরিবারের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি থাকলে উপকূলীয় এ অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব।
বিজ্ঞাপন
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাকসুদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ হাসান, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক নুরুল আলম, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডিউক, বাউফল ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা, স্থানীয় এনজিও প্রতিনিধি সাইফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা।








