নবীনগরে অগ্নিকাণ্ডে পুড়ল দুটি দোকান, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
পুড়ে যাওয়া দোকান দুটি হলো মামুন মিয়ার ক্রোকারিজের দোকান এবং হাবিল মিয়ার মিষ্টি তৈরির কারখানা। স্থানীয়দের ধারণা, মিষ্টি তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের ক্রোকারিজের দোকানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডে দোকান দুটির মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা অনুমান করা হলেও প্রকৃত ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
এদিকে, গভীর রাতে বাজারে আগুন ছড়িয়ে পড়ায় সলিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।








