কুড়িগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা, মা-দুই সন্তানসহ প্রাণ গেল পাঁচজনের

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিবারের তিনজনসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (২৬), তাঁর ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া নিহত হয়েছেন একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার এক অজ্ঞাতপরিচয় অটোচালক।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বাদলের মেয়ে বৃষ্টি। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং হতাহতদের বিষয়ে পরবর্তী তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








