থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে ৩ পুলিশ সদস্যকে পেটালেন যুবক

জয়পুরহাটের কালাই থানায় কাঠের বাটাম নিয়ে ঢুকে তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চারটি সেলাই দিতে হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আসলামকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আসলাম উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন আসলাম হোসেন।
থানায় প্রবেশের পর পুলিশ সদস্যরা তাঁর পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে কাঠের বাটাম দিয়ে আঘাত করেন। রকি সরে যাওয়ার চেষ্টা করলে আঘাতটি তাঁর বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন।
বিজ্ঞাপন
পরে তাঁকে আটকানোর চেষ্টা করলে কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন আসলাম। এ সময় আরেক পুলিশ সদস্য তাঁকে থামাতে এগিয়ে এলে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুতরভাবে আহত হয়।
একপর্যায়ে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে পালিয়ে যান আসলাম। পরে আহত তিন পুলিশ সদস্যকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।








