শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ

পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মহানগরীতে সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞাপন
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। তাই মহানগরীর শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শবে বরাতের মর্যাদা রক্ষা করতে ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীতে সকল ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এছাড়া এই সময়ে বিস্ফোরক দ্রব্যের ক্রয়, বিক্রয়, পরিবহন ও ব্যবহারও নিষিদ্ধ।
বিজ্ঞাপন
ডিএমপি আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্পিত ক্ষমতাবলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা জনসাধারণকে শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপনে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছে।
ডিএমপির এই পদক্ষেপের মাধ্যমে ধর্মীয় উত্সবকে শান্তিপূর্ণভাবে পালন করা এবং অপ্রয়োজনীয় দুর্ঘটনা ও নিরাপত্তাজনিত ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।








