Logo

নির্বাচনী ছুটিতেও চলবে মেট্রোরেল, ভোটের দিন মিলবে অতিরিক্ত ট্রেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩
নির্বাচনী ছুটিতেও চলবে মেট্রোরেল, ভোটের দিন মিলবে অতিরিক্ত ট্রেন
ছবি: সংগৃহীত

ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি থাকছে। তবে এই সময়ে রাজধানীর যাত্রীদের যাতায়াতে কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ছুটির দিনগুলোতেও মেট্রো ট্রেন স্বাভাবিক সময়সূচিতেই চলাচল করবে। এমনকি ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) যাত্রীচাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, এই সময় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। নির্বাচনের দিন প্রয়োজনে এক্সট্রা ট্রেন দেওয়া হবে। যাত্রীদের কোনো অসুবিধা হবে না।

বিজ্ঞাপন

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে বিকল্প গেটগুলো খোলা থাকবে এবং যাত্রীসেবা স্বাভাবিক থাকবে।

এদিকে, নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে ডিএমটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তাসহ সংশ্লিষ্ট কাজে নিয়োজিতদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ছাড়া) বাতিল থাকবে।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমিন মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত, অর্থাৎ মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD