Logo

যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে আন্দোলনকারীদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৪
যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে আন্দোলনকারীদের
ছবি: সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীরা এক পর্যায়ে যমুনা এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হন।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীরা যমুনার সামনে থেকে সরে শাহবাগের দিকে চলে যান। এ সময় ৪ থেকে ৫ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা জানান, বেলা ১১টার দিকে তারা যমুনার অভিমুখে মিছিল নিয়ে রওনা হন। শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে প্রথম দফায় পুলিশি বাধার মুখে পড়েন তারা। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকলেও সেখানে লাঠিচার্জ করা হয়নি। তবে জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়।

বিজ্ঞাপন

পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে পৌঁছান। সেখানে তারা সড়কে বসে পড়ে নবম পে-স্কেল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার পর ওই এলাকায় আরও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান নেন।

পুলিশ প্রথমে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে আন্দোলনকারীরা সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ অভিযান শুরু করে। এ সময় বারবার জলকামান ব্যবহার করা হয়, পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

পুলিশি অভিযানের মুখে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে ঢুকে পড়েন। সেখানেও পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুপুর ১২টার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ব্যাপকভাবে আন্দোলনকারীদের ধাওয়া দিলে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

আন্দোলনকারী আব্দুল মালেক বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি। ন্যায্য দাবি জানাতেই শান্তিপূর্ণভাবে বসেছিলাম। কোনো আলোচনা ছাড়াই আমাদের ওপর টিয়ারশেল ও গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।”

বিজ্ঞাপন

আরেক আন্দোলনকারী শারমিন আক্তার বলেন,‘আমরা রাষ্ট্রের কর্মচারী। দাবি জানাতে এসে যদি এমন আচরণের শিকার হতে হয়, তাহলে কথা বলার জায়গাটা কোথায়?’

দুপুর ১টার পর আন্দোলনকারীরা যমুনা এলাকা পুরোপুরি ছেড়ে শাহবাগের দিকে সরে যান। এ সময় ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুর থেকে আসা কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD