Logo

পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে সরকারি চাকরিজীবীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭
পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে সরকারি চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সরকারি চাকরিজীবীরা। দাবি আদায়ে কঠোর অবস্থানে গিয়ে তারা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে পৌঁছান আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন দাবিমূলক স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আন্দোলনরত নেতাদের ভাষ্য, নবম পে-স্কেল সংক্রান্ত দাবিতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে। তারা স্পষ্ট করে জানিয়েছেন, আজকের মধ্যেই গেজেট প্রকাশ না হলে তারা যমুনা এলাকা ত্যাগ করবেন না।

বিজ্ঞাপন

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, সরকারি চাকরিজীবীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্যেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার দাবি, সরকারের পক্ষ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশের প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও কঠোর করা হয়েছে।

এর আগে সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হন।

বিজ্ঞাপন

এদিকে যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যদিও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD