অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার যে সকল আইন, অধ্যাদেশ ও নীতি-নির্দেশনা গ্রহণ করেছে তার একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদর্শন করা হয়েছে। এই সময়কালেই সরকারের কার্যক্রমের স্বচ্ছতা ও বাস্তবায়ন খতিয়ে দেখা হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে মোট ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোতে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৪৩৯টি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ কার্যকর করার হার দাঁড়িয়েছে ৮৩ শতাংশ।
বিজ্ঞাপন
বর্তমানে আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ৩টি নীতিগতভাবে অনুমোদিত, ১৪টি নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের জন্য মোট ৩৪৮টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, অধ্যাদেশ ও নীতি-নির্দেশনার পাশাপাশি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতি প্রণয়ন ও আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে সরকারি সিদ্ধান্ত গ্রহণের গতি ও কার্যকর বাস্তবায়নের হার বৃদ্ধি পেয়েছে।








