‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দায়িত্ব নেওয়ার সময় গ্যাসের দাম ছিল ১২ ডলার। বর্তমানে তা বেড়ে ৩২ ডলারে দাঁড়িয়েছে। বাড়তি দামে গ্যাস কিনে দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার এখন পর্যন্ত ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ভর্তুকি দেওয়ার কথা তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। আমরা একটা সহজ পদ্ধতি পেয়েছি আল্লাহর দেওয়া সূর্য, আর এই সূর্যের আলোকে বিদ্যুৎ করা। আমি আপনাদের সহযোগিতা চাই, ঘরে ঘরে সোলার বসান। বিদ্যুতের বিলও দেওয়া লাগবে না, প্রিপেইড মিটারের জন্য ঘুরতেও লাগবে না, কাউকে কিছু বলাও লাগবে না। আপনার বিদ্যুৎ আপনার পছন্দমতো আপনি ব্যবহার করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
•
•
•
বিজ্ঞাপন
দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, আমাদের বাঁচতে হবে, আর বাঁচার জন্য আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা। আপনারা সবাই সহযোগিতা করলে আমাদের ওপর থেকেও চাপ কমবে। আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করবেন।
নামাজ শেষে মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করেন। তার মতে, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানো সম্ভব হবে।








