সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থার বিষয়টি বাদ দেন হাসিনা

সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি শেখ হাসিনার সরকার বাদ দিয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় থেকে সংবিধানে এই বিষয়টি পুনঃস্থাপন করবে। একই সঙ্গে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় আয়োজিত ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং নির্বাচনের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির বর্তমান আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। এর আগে হেফাজতের দায়িত্বে ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছিল। অন্যদিকে ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের কবল থেকে জনগণকে মুক্ত করতে লড়াই করতে হয়েছে ১৬ থেকে ১৭ বছর। এই দীর্ঘ সময়ে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকেই শহীদ হয়েছেন। তাঁদের অনেকের নাম-পরিচয় এবং কবরের সন্ধান এখনো পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হতাহতের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগের ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে তিনিও ছিলেন। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় বেঁচে ফিরেছেন বলে উল্লেখ করেন তিনি। এ সময় প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে হয়রানির মুখে পড়েছেন বলেও দাবি করেন তিনি।
গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা কয়েকটি গোষ্ঠীর সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, এসব দলের বক্তব্য ও নির্বাচনি ইশতেহারের মধ্যে সামঞ্জস্য নেই। মুখে ইসলামের কথা বললেও তাদের ইশতেহারে শরিয়াভিত্তিক শাসনব্যবস্থার প্রতিফলন নেই, বরং তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র-জনতার প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে যে জুলাই সনদ তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সংবিধানে ইসলামী মূল্যবোধের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
সংবিধানে ধর্মীয় মূল্যবোধের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন। বিএনপি তা পুনঃস্থাপন করবে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে মানুষের রক্ত ঝরিয়েছে এবং দেশের জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। বিভ্রান্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যারা আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করতে চাইছে, তাদেরও সতর্ক করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণহত্যার জন্য আওয়ামী লীগ এখনো দুঃখ প্রকাশ করেনি কিংবা অনুশোচনা দেখায়নি। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দলটির নেতারা দিল্লিতে অবস্থান করছেন। তারা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শগত বিভেদ থাকাকে স্বাভাবিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশের মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, আলেম-ওলামার রক্ত ঝরিয়েছে এবং মসজিদে হামলা চালিয়েছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে গঠনমূলক সমালোচনা করা যেতে পারে। সরকারের কাজে সহযোগিতা করা প্রয়োজন, তবে তা দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো অবস্থান থেকে হওয়া উচিত নয়।
দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জাতীয় ঐক্য বজায় রেখে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে চায়। পাশাপাশি রপ্তানি বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
বিজ্ঞাপন
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।








