আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে

চলমান শ্রমিক আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ড দ্রুত কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ যা হয়েছে কোথাও যদি হয়ে থাকে, এটাকে আন্দোলন নাকি রাজনৈতিক এজেন্ডা নাকি সহিংসতা, এটা নতুন করে সংজ্ঞায়িত করতে হবে।’
সালাহউদ্দিন আহমদ জানান, পোশাকশ্রমিকদের দাবি ছিল নির্ধারিত সময় অনুযায়ী নতুন করে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা। সরকার এ বিষয়ে আগেই উদ্যোগ নিয়েছিল। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি মনোনয়নে কিছুটা সময় লাগায় বোর্ড গঠনে বিলম্ব হয়। শ্রমিকপক্ষ নাম দেওয়ার পরদিনই বোর্ড গঠন করা হয়েছে। বুধবার বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোর্ডে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধি রয়েছেন। চেয়ারম্যান সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনবেন। অতীতে পাঁচ বছর পরপর মজুরি বৃদ্ধির হার, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী শ্রমবান্ধব, শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব। রপ্তানি বাড়ানো, অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং কর্মসংস্থান সম্প্রসারণই সরকারের লক্ষ্য।
চলমান সহিংসতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কিছু ঘটনায় শ্রমিকদের প্রকৃত দাবি সামনে না থাকলেও শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। তাঁর দাবি, কিছু ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে সহিংসতায় জড়াচ্ছেন।
বিজ্ঞাপন
এসব ঘটনার সঙ্গে অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন—এমন কয়েকজন শিল্পমালিকের সংশ্লিষ্টতার বিষয়ও সামনে এসেছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। মাফিয়া ও প্রতিদ্বন্দ্বী শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবি নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো রয়েছে। মালিকপক্ষ এবং শ্রমিক নেতাদের সঙ্গে সরকার বৈঠক করেছে। তাঁদের কেউ কেউ স্বীকার করেছেন, সাম্প্রতিক সহিংসতা শ্রমিকদের স্বাভাবিক আন্দোলনের অংশ নয়। বরং কিছু ব্যক্তি শ্রমিকদের ব্যবহার করে রাজনৈতিক সহিংসতা ছড়ানোর চেষ্টা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ধৈর্য ধরে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারপরও তাঁরা যথাসম্ভব শ্রমিকদের ওপর বল প্রয়োগ থেকে বিরত থেকেছেন। কারণ, শ্রমিকদের কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছেন বলে তাঁদের ধারণা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মসংস্থান ও শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয়, সেটি বিবেচনায় রাখা প্রয়োজন। নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। তাই এখন আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।
তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি ঘোষণা করতে বোর্ডকে বলা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগেই ঘোষণা দেওয়া সম্ভব হলে তা সবচেয়ে ভালো হবে।
এদিকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আটক হয়েছেন কি না, তা তাঁর জানা নেই। আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।








