Logo

শ্রমিকদের পাওনা নির্ধারণে দেরি হলে শিল্প খাতের ক্ষতি বাড়বে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৮:৫২
শ্রমিকদের পাওনা নির্ধারণে দেরি হলে শিল্প খাতের ক্ষতি বাড়বে
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি পূরণে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, দেশের শিল্প খাতের ক্ষতির পরিমাণ তত বাড়বে।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় জামায়াত আমির জানান, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এ পরিস্থিতিতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। শফিকুর রহমান বলেন, গতকাল সেখানে গাইবান্ধার তৌফিক নামে এক পোশাকশ্রমিককে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তৈরি পোশাকশিল্পকে দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। সরকার দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার গ্রহণযোগ্য সমাধান করবে বলে তাঁরা আশা করেছিলেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা প্রয়োজন ছিল। কিন্তু সরকার এখনো সে উদ্যোগ সম্পন্ন করতে পারেনি।

শিল্প ও শ্রমিকের পারস্পরিক নির্ভরতার বিষয়টি তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে কথাটি যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে—এই বাস্তবতাও মনে রাখতে হবে।’

বিজ্ঞাপন

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা তৈরি হলে শিল্প খাতের ক্ষতি আরও বাড়বে। এমন পরিস্থিতিতে সুযোগসন্ধানী ব্যক্তিরা বিভিন্নভাবে পরিস্থিতির অপব্যবহার করতে পারে। তাই সরকার ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল, আন্তরিক এবং সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনারা নিজেদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলেই আপনারা বেঁচে থাকবেন।’

কারখানার মালিকদের প্রতিও আহ্বান জানান তিনি। শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার অনুরোধ জানিয়ে শফিকুর রহমান বলেন, এমন দৃষ্টিভঙ্গি থাকলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

বিজ্ঞাপন

ভিডিও বার্তার শেষাংশে নিহত শ্রমিক তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করেন জামায়াত আমির। পাশাপাশি তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD