Logo

৪ ঘণ্টা আগেই শুরু হলো গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১২:০৮
৪ ঘণ্টা আগেই শুরু হলো গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা
ছবি : জনবাণী গ্রাফিক্স

গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার সময় এগিয়ে আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সভা হওয়ার কথা থাকলেও তা চার ঘণ্টা এগিয়ে বেলা ১১টায় শুরু হয়েছে। শ্রমিকদের টানা আন্দোলন, বিভিন্ন শিল্পাঞ্চলে সংঘর্ষ এবং উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত নোটিশে সভার নতুন সময়সূচি জানানো হয়েছে। মজুরি বোর্ডের সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

বোর্ডের চেয়ারম্যান জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে প্রকাশিত নোটিশে সভার সময় বিকেল ৩টা উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় মূলত বোর্ডের সদস্যদের পরিচিতি, পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে বুধবারও উত্তপ্ত রয়েছে গাজীপুরের শিল্পাঞ্চল। সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা করেন। থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, সকাল থেকে অধিকাংশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গত কয়েক দিন ধরে গাজীপুর, সাভার, আশুলিয়া, মিরপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাকশিল্প এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা। মঙ্গলবারও গাজীপুরের ভোগড়া, নাওজোর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

বর্তমানে দেশের পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে লাগামহীন মূল্যস্ফীতি, বাড়িভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে এই মজুরিতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে দাবি শ্রমিকদের। এ পরিস্থিতিতে বর্তমান মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন তারা। তবে নতুন মজুরি বোর্ডের সুপারিশে তাদের প্রত্যাশা পূরণ হবে কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে আন্দোলনকারীদের মধ্যে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ আশফাকুর রহমান। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন আসিফ আইয়ুব ও এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে আনোয়ার হোসেন ও বাবুল আখতারকে। আর স্বাধীন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।

শ্রমিক প্রতিনিধিরা দ্রুত মজুরি নির্ধারণের কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে আসছিলেন। তাদের প্রত্যাশা, ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা বর্ধিত বেতন পাবেন।

এ অবস্থায় মজুরি বোর্ডের প্রথম সভাকে ঘিরে পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের অসন্তোষ নিরসনে বোর্ড কী ধরনের সুপারিশ করে এবং কত দ্রুত নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD