এসআরবির নতুন ডিজি কে এই ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এর আগে তিনি হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের প্রধান করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদারকে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। এরপর প্রায় তিন দশকের কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তাঁকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়। তাঁর বাড়ি বগুড়ায় হওয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তাঁকে পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের ধারায় পুলিশ সুপার থেকে ডিআইজি পদে উন্নীত হন তিনি। পরবর্তী সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করেন।
অন্তর্বর্তী সরকারের সময় তাঁকে ডিএমপি থেকে বদলি করে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
চলতি বছরের ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এরপর ৭ জুলাই হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। এবার তাঁকে এসআরবির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো।








