Logo

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র নারায়ণগঞ্জ

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৫
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল, শিবু মার্কেটসহ আশপাশের এলাকা সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে একজোট হয়ে আন্দোলনে নামেন।

একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যোগ দেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন রয়েছে। বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন আছে।

এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ সদস্যরা মানবপ্রাচীর তৈরি করে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তবে সেই বাধা অতিক্রম করে শ্রমিকরা মূল সড়কে উঠে আসেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD