Logo

বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত স্বামী-সন্তান হাসপাতালে

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
৩ নভেম্বর, ২০২৬, ২২:১২
বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত স্বামী-সন্তান হাসপাতালে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় জুথি আক্তার (২২) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী ছেলে জায়ান আহমেদ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত জুথি আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ূন মিয়ার মেয়ে। স্বামী ও সন্তানকে নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টি.এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুথি, তার স্বামী ও সন্তান আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জুথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত জাকির হোসেন ও জায়ান আহমেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে।

বিজ্ঞাপন

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD