দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

গাজীপুরের পর এবার সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর তা প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। অবরোধ তুলে নেওয়ায় ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ শুরু করেন হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা।
প্রথমে তাঁরা হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন। সেখানে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে ওই স্থান ছেড়ে বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকেরা হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
বিজ্ঞাপন
শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয়। এতে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টা ৪০ মিনিটে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যানজটে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই সড়ক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকেরা। অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।








