Logo

নেছারাবাদে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান

profile picture
উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ, পিরোজপুর
৩ নভেম্বর, ২০২৬, ১৯:৪৩
নেছারাবাদে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান
ছবি: সংগৃহীত

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদে মাদক প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ।

সভায় প্রধান অতিথি ছিলেন মাদক প্রতিরোধ সামাজিক উদ্যোগ, পিরোজপুর পরিচালনা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির পিরোজপুরের প্রধান সমন্বয়কারী শাহ আলম শেখ।

বক্তারা বলেন, মাদকাসক্তি কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় ধরনের বিপদ সৃষ্টি করে। মাদকের বিস্তার ঠেকাতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।

বিজ্ঞাপন

সভায় আরও বলা হয়, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা এবং প্রশাসন ও জনগণের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত নেছারাবাদ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD