মুখে কাপড়, মাথায় পাগড়ি; ছদ্মবেশে মাহফিলে হাজির তাহেরী

প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞা ও কয়েকজন আলেমের আপত্তির মধ্যেই ব্যতিক্রমী কায়দায় গভীর রাতে মাহফিলে উপস্থিত হয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। মুখে কাপড় জড়িয়ে ও মাথায় সবুজ পাগড়ি পরে মোটরসাইকেলের পেছনে চড়ে তাঁর মাহফিলে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে নাসিরনগরের ইসাপুর সৈয়দ মঞ্জিল দরবার শরিফে পূর্বনির্ধারিত একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কয়েকজন কওমিপন্থী আলেমের আপত্তির পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে তাহেরীকে সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে রাত আড়াইটার দিকে ভিন্ন কৌশলে মাহফিলে পৌঁছান তিনি। মুখে কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে এবং মাথায় সবুজ পাগড়ি পরে একটি মোটরসাইকেলের পেছনে বসে সেখানে যান তাহেরী। তাঁর সঙ্গে মোটরসাইকেলের আরও একটি বহর ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে এভাবেই মাহফিলের উদ্দেশে যেতে দেখা যায়।আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে মাহফিলে ওয়াজ করেন তাহেরী। সেখানে এটিকে ওই এলাকায় তার দ্বিতীয় ওয়াজ ছিল। মাহফিল শেষে বিভিন্ন সড়ক ব্যবহার করে স্থান ত্যাগ করেন তিনি। পরবর্তী সময়ে নিজের ফেসবুক আইডিতে পুরো ঘটনার ভিডিও প্রকাশ করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, কয়েকজন কওমিপন্থী আলেম মৌখিকভাবে মাহফিল বন্ধের বিষয়ে তাদের জানিয়েছিলেন। সম্ভাব্য গোলযোগ এড়াতে তাহেরীকে আসতে নিষেধ করা হয়েছিল। পরে তারা শুনেছেন, তিনি এসে মাহফিল করেছেন। সারারাত এসব বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। তবে মাহফিল আয়োজনে পুলিশের কোনো বাধা নেই।
বিজ্ঞাপন
প্রেসক্লাব নেতা ফরাশ উদ্দিন বলেন, একজন বক্তা মাহফিল করবেন, এতে বাধা থাকার কথা নয়। কারও দ্বিমত থাকলে মুক্ত আলোচনার মাধ্যমে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে তা নিরসন করা যেতে পারে। সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা ইসলামের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আলোচনার মাধ্যমেই মতবিরোধের সমাধান হওয়া উচিত।
অন্যদিকে মাহফিলের আয়োজকরা বলেন, মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। সত্য, ন্যায় ও নবীপ্রেমের বার্তা প্রচারে বাধা দেওয়া উচিত নয়। বিরোধিতার পরিবর্তে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানান তারা।
এদিকে ছদ্মবেশে তাহেরীর মাহফিলে যোগ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে।
বিজ্ঞাপন








