Logo

যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ২১:০৯
যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত নতুন মজুরি বোর্ড ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বোর্ড একটি গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মাহদী আমিন বলেন, মজুরি বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। বোর্ডের সদস্যরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিক ও শিল্পের স্বার্থ বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করবেন।

তিনি জানান, আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছর অন্তর নতুন বোর্ড গঠন করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর বোর্ডের প্রথম বৈঠকও দ্রুত অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই দ্বিতীয় বৈঠক আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে ডিসেম্বরেই নিম্নতম মজুরি ঘোষণার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি সেখানে অবশ্যই শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে, শিল্পের স্বার্থ রক্ষা হবে, বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে।

পোশাকশিল্পের অগ্রগতি নিশ্চিত করতে শ্রমিক, মালিক ও সরকারকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মাহদী আমিন। তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া এবং গার্মেন্টস খাতের স্বার্থ সংরক্ষণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এ শিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ঐতিহাসিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে এ শিল্পের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে খাতটির উল্লেখযোগ্য অগ্রগতি হয়। সেই ধারাবাহিকতা ধরে রেখে বর্তমান সরকারও পোশাকশিল্পের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করতে চায়।

বিজ্ঞাপন

বৈঠকে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের মধ্যে যে আন্তরিক পরিবেশ তৈরি হয়েছে, তা কারখানাগুলোতেও বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, বৃহস্পতিবার থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরবেন। তবে মজুরি বোর্ডের সঙ্গে সংলাপ, পরামর্শ এবং আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পোশাকশিল্পে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। তার দাবি, শান্তিপূর্ণ শ্রমিকদের মধ্যে কিছু বহিরাগত প্রবেশ করে উসকানি দিচ্ছেন এবং উত্তেজনা ছড়াচ্ছেন। বিভিন্ন এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ শ্রমিকদের প্রাণহানি ঘটছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে বলে সরকার প্রত্যাশা করে।

বিজ্ঞাপন

দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক পরিচিতি তৈরিতে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করেন মাহদী আমিন। তিনি বলেন, শ্রমিকদের ত্যাগ ও সংগ্রামের ওপর ভিত্তি করেই ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও মমত্ববোধ নিয়ে থাকবে। একই সঙ্গে মজুরি বোর্ড নিরপেক্ষভাবে নতুন মজুরি ঘোষণা করবে বলে সরকারের বিশ্বাস।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক পরিবর্তনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি। তাই আসুন, সবাই মিলে দেশের পুনর্গঠনে কাজ করি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD