আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি

বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের শাসনামলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে সংঘটিত সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত তথ্য চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। এসব ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশও করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে অতীতের দুই সরকারের আমলে মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে সেগুলোর বিস্তারিত বিবরণ সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা পরবর্তী বৈঠকে জানাতে বলা হয়েছে।
এদিকে পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী এবং গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে অনিয়ম বন্ধ করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। প্রকৃত ও যোগ্য উপকারভোগীরা যাতে রেশন কার্ড পান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে, সেসব পদ পূরণে কী উদ্যোগ নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে, তা পরবর্তী সভায় বিস্তারিত জানাতে বলা হয়েছে।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে কমিয়ে দেওয়া সম্মানী ভাতা পুনর্নির্ধারণ করে সম্মানজনক পর্যায়ে উন্নীত করার কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
চলতি অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেটের খাতভিত্তিক বিভাজন ও সুষম বণ্টন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ দিয়েছে কমিটি।
এদিকে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করতে আগামী ডিসেম্বর মাসে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।








