Logo

যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম একক রপ্তানি গন্তব্য: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৯:০০
যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম একক রপ্তানি গন্তব্য: স্পিকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাও সময়ের সঙ্গে বিস্তৃত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘৩০তম মার্কিন ট্রেড শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্পিকার বলেন, যুক্তরাষ্ট্রের ৩০তম ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সহযোগিতার ইতিবাচক চিত্র তুলে ধরছে। গত তিন দশকে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ দেশের বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, এবারের প্রদর্শনীতে স্বাস্থ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসাসহ বিভিন্ন খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান স্পিকার। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের একপর্যায়ে স্পিকার আনুষ্ঠানিকভাবে ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD