প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিলেন দুই সংসদ সদস্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ গ্রহণের পর নিয়ম অনুযায়ী দুই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন
বিজ্ঞাপন
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
নির্বাচন কমিশন ৩১ অক্টোবর মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়। মির্জা ফয়সল আমীন তাঁর ভাই।
বিজ্ঞাপন
সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের বিজয়
অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির এলিজা জামানকে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে ওই আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করেন। ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
বিজ্ঞাপন
তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর সোমবার তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।








