Logo

জমির কাজের নামে ৮০ লাখ ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৬, ১২:৫০
জমির কাজের নামে ৮০ লাখ ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক
ছবি: সংগৃহীত

জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের বিশেষ দলের অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সার্ভেয়ার আসাদুল ইসলামের বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ছিল। মঙ্গলবার পরিকল্পিত অভিযানে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে থাকা মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। এসব জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা আলাদা করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।

বিজ্ঞাপন

আবেদনের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি। এ সময় লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও কোনো অগ্রগতি না পেয়ে শেষ পর্যন্ত মনিরুল ইসলামকে সংশ্লিষ্ট কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার শর্তে আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানান অভিযোগকারী। পাশাপাশি ঘুষ লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে আটক করতে ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করা হয়।

বিজ্ঞাপন

দুদক জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করার জন্যও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD