রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তায় চলমান বিক্ষোভের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, রাজনৈতিক হীন উদ্দেশ্য বাস্তবায়নে একটি মহল শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত খুলে দেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন
তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম চালু রাখাই সরকারের লক্ষ্য। কেউ পোশাক কারখানা বন্ধ করার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করে সরকার।








