Logo

‘গ্যাস সংকট মোকাবিলায় ৫২টি নতুন কূপ খনন করবে সরকার’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৯:১০
‘গ্যাস সংকট মোকাবিলায় ৫২টি নতুন কূপ খনন করবে সরকার’
ছবি: সংগৃহীত

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ৫২টি নতুন গ্যাসকূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত দুই দশকে নতুন কূপ খনন না করায় যে গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। দীর্ঘদিন নতুন গ্যাসকূপ খনন না হওয়ায় জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, তা মোকাবিলায় নতুন কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের কৃষি খাতকে আধুনিক, উৎপাদনমুখী ও প্রযুক্তিনির্ভর করে তোলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই কৃষিব্যবস্থার প্রসারের লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এই প্রদর্শনী। এবারের আয়োজনে স্মার্ট কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রিসিশন এগ্রিকালচার বা নির্ভুল কৃষি প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলায় কৃষকদের দক্ষতা ও মেধার যথাযথ মূল্যায়ন, কৃষি গবেষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সমাজে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবারের আয়োজনে ১২টি দেশের প্রায় ২৫০টি কৃষি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ৫৩টি স্টলে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন আধুনিক কৃষিপ্রযুক্তি ও উদ্ভাবন, যা দেশের কৃষি অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

কৃষিতে পানির অপচয় কমানোর বিষয়েও গুরুত্বারোপ করেন মীর শাহে আলম। তিনি জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আরডিএর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে ভূগর্ভস্থ পাইপলাইনে সেচের পানি সরবরাহ করে প্রায় ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি সারের সুষম ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত সার প্রয়োগ নিয়ন্ত্রণ এবং জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি।

উত্তরাঞ্চলের কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার ও রপ্তানি সম্প্রসারণে আলু প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার প্রস্তাবও দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উত্তরাঞ্চলে উৎপাদিত উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপন করা গেলে আমদানিনির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এ ছাড়া বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। এর মাধ্যমে উত্তরাঞ্চলের আলু, সবজি ও অন্যান্য কৃষিপণ্য সহজে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক বলেন, কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার বিকাশ, যান্ত্রিকীকরণ এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এ জন্য কৃষি গবেষণা, শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ কৃষি প্রযুক্তির বিস্তার, গবেষণালব্ধ জ্ঞানের মাঠপর্যায়ে প্রয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কৃষির টেকসই উন্নয়নে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান ৫৩টি স্টলের মাধ্যমে আধুনিক কৃষিপ্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ এবং কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD