সিলেটসহ সারা দেশে চার দিন কম থাকবে গ্যাসের চাপ

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় চার দিন গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। বুধবার (৪ নভেম্বর) থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত একটি ভাসমান এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকায় জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাবে।
বিজ্ঞাপন
সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম জানান, গ্যাস লাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সাময়িকভাবে সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। তবে আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক অসুবিধার মুখে পড়তে হতে পারে।
পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে শনিবার বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। অর্থাৎ দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে একটি টার্মিনাল বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছিল।








