চট্টগ্রাম-কাপ্তাই সড়কে খানাখন্দের ছড়াছড়ি, চরম দুর্ভোগে হাজারো মানুষ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়ম নগর থেকে লিচুবাগান পর্যন্ত অংশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ ও খোয়া উঠে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ব্যস্ত এই সড়কে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের কাছে পথটি এখন আতঙ্ক ও দুর্ঘটনার ঝুঁকির প্রতীক।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন এবং হাজারো মানুষ যাতায়াত করেন। শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষের কর্মস্থলে পৌঁছানোর অন্যতম মাধ্যম এটি। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে। কিন্তু বেহাল অবস্থার কারণে এসব যাত্রায় নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গর্তে পড়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে যাত্রীদের আহত হওয়ার ঘটনাও ঘটছে। বিশেষ করে রাতে এবং বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় চালকেরা সেগুলো সহজে দেখতে পান না। এতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, এ পরিস্থিতিতে প্রাণহানির ঘটনাও ঘটছে।
সড়কটির দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ জানান, সড়ক মেরামতের প্রাক্কলন প্রস্তুতের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাজেট অনুমোদন পাওয়া গেলে আগামী দুই মাসের মধ্যে সংস্কারকাজ শুরু হতে পারে।
বিজ্ঞাপন
এদিকে দ্রুত মেরামতকাজ শুরু না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। জনদুর্ভোগ কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটির জরুরি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পথচারীরা।








