Logo

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে সেজেছে খুলনা নগরী

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৪
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে সেজেছে খুলনা নগরী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন খুলনা সফরকে কেন্দ্র করে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। তবে এবার প্রচলিত রাজনৈতিক সাজসজ্জার বাইরে গিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুনে শহর না ঢেকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব খুলনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে মহানগরীকে নতুন রূপে সাজানোর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। দিনরাত চলছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় করে রাখতে জাঁকজমকপূর্ণ তোরণ নির্মাণের পরিবর্তে নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সভা, বর্ধিত সভা ও মতবিনিময়। দলীয় নেতাদের লক্ষ্য, পুরো আয়োজনের মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত তুলে ধরা।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে স্মরণকালের অন্যতম বৃহৎ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। এ জন্য রূপসার কুদির বটতলা থেকে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরে বাংলা রোড, পাওয়ার হাউজ মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেবেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

প্রিয় নেতাকে স্বাগত জানাতে পুরো পথজুড়ে শৃঙ্খলাবদ্ধ অবস্থানে থাকার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। সংবর্ধনা ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর

প্রধানমন্ত্রীর সফরের অন্যতম আকর্ষণ হিসেবে আগামী ৫ নভেম্বর খুলনায় শুরু হচ্ছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং শক্তিশালী জাতি গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার কাজ করছে। দেশের অধিকাংশ খেলোয়াড় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন। তাই তাঁদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে খুলনাকে তুলে ধরার প্রস্তুতি

বিজ্ঞাপন

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা শহর শুধু পরিষ্কার-পরিচ্ছন্নই করা হচ্ছে না, সুন্দরভাবে সাজানোও হচ্ছে। দেশবাসী খুলনা শহরের নতুন চেহারা দেখবে। পরিকল্পনা অনুযায়ী শহরকে সাজানো হয়েছে। ছাত্র ও যুবকদের মধ্যেও এ আয়োজন নিয়ে আনন্দ বিরাজ করছে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন নগরবাসীর জন্য আনন্দ ও গৌরবের বিষয়। এই সফরকে কেন্দ্র করে খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য খুলনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

খুলনায় প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী জানান, প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর খুলনা থেকে দেশব্যাপী একযোগে উদ্বোধন করবেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার দ্বিতীয়বারের মতো খুলনা সফর করবেন। তাঁর মতে, প্রধানমন্ত্রীর খুলনা সফর যত বাড়বে, এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম তত বেশি গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, কুদির বটতলা থেকে রূপসা বাইপাস হয়ে জেলা স্টেডিয়াম পর্যন্ত পুরো পথজুড়ে প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন খুলনাবাসী।

তিনি আরও বলেন, যাতায়াত স্বাভাবিক রাখা এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তোরণ ও ব্যানারে শহর ঢেকে না রেখে পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন, খুলনাবাসী অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা করছেন। কাছ থেকে কিংবা দূর থেকে একনজর প্রিয় নেতাকে দেখার প্রত্যাশা রয়েছে তাঁদের।

৫০৩ উপজেলায় একযোগে শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতা

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৫ নভেম্বর বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

এবারের প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী নিবন্ধন করেছেন। প্রথম আসরে নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। অর্থাৎ দ্বিতীয় আসরে অংশগ্রহণের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বৃহৎ ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রীর সফর, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন—সব মিলিয়ে আগামী ৫ নভেম্বরকে ঘিরে খুলনায় চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এবারের আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD