ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা

ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসা আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম্যাটে ফর্ম জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক ভিসা আবেদনকারীকে হাইকমিশনের নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামা সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর NIC Visa Application Portal-এ অনলাইনে ভিসার আবেদন করার সময় পূরণ করা ফর্মটি স্ক্যান করে আপলোড করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাইকমিশন স্পষ্ট করেছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে আবেদন গ্রহণ করা হবে না।
অঙ্গীকারনামায় যেসব তথ্য দিতে হবে
বিজ্ঞাপন
প্রকাশিত এক পৃষ্ঠার ‘Visa Undertaking Form’-এ আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, ভারত সফরের উদ্দেশ্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফর্মের শুরুতে আবেদনকারীকে ঘোষণা দিতে হবে, তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করছেন, ভারত সফরের সময় কেবল সেই উদ্দেশ্যেই ভ্রমণ করবেন। পাশাপাশি আবেদন করার তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক—এ মর্মেও অঙ্গীকার করতে হবে।
ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত তথ্যের পাঁচটি বিষয় পূরণ করতে হবে। এগুলো হলো— পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বর্তমান ঠিকানা।
বিজ্ঞাপন
দ্বিতীয় অংশে ভারত সফরের প্রকৃত উদ্দেশ্য উল্লেখ করতে হবে। যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা, সম্মেলন কিংবা অন্য কোনো নির্দিষ্ট কাজ।
ভিসা প্রত্যাশীদের যেসব অঙ্গীকার করতে হবে
ফর্মের তৃতীয় থেকে পঞ্চম অংশে আবেদনকারীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, ভারত সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিজ দেশে ফিরে আসা এবং কোনো অবস্থাতেই ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান না করা।
বিজ্ঞাপন
এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করতে হবে। কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অঙ্গীকারনামায় আরও উল্লেখ রয়েছে, ভারতীয় আইন লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা
ফর্মের সব তথ্য পূরণ শেষে আবেদনকারীকে নিজের স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্কদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন এই নির্দেশনার ফলে ভারতীয় ভিসার আবেদন করার আগে নির্ধারিত অঙ্গীকারনামা সংগ্রহ ও পূরণ করার বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারীদের। তাই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ফর্মটি সঠিকভাবে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।








