Logo

রোগীদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস ত্রিবেদীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৬, ১৩:২১
রোগীদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস ত্রিবেদীর
দীনেশ ত্রিবেদী | ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা প্রাপ্তি সহজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। সকাল সাড়ে ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য অংশ নেন। আলোচনায় বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা পেতে বিদ্যমান জটিলতার বিষয়টি তুলে ধরা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জবাবে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে রোগীরা যাতে সহজে ভিসা পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় বা স্লট পেতে দেরি হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। শিগগিরই এ সমস্যা কাটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও যাতায়াত বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ত্রিবেদী বলেন, পারস্পরিক যাতায়াত যত বাড়বে, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও তত দৃঢ় হবে।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবর নেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকেও উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD