Logo

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৬, ১৪:০৫
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১৩ জনের মধ্যে ছিলেন দুই বাংলাদেশি। তাঁদের একজন শাহেদ আহমেদ আশিকের মরদেহ দেশে পৌঁছেছে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে।

বিজ্ঞাপন

শাহেদের মরদেহ বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ৮টা ২২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে শাহেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৩৫ বছর বয়সী শাহেদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম।

মরদেহ হস্তান্তরের সময় প্রবাসী কল্যাণ বোর্ডের পক্ষ থেকে শাহেদের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়। দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং সংঘাতে নিহত হওয়ার কারণে বিশেষ অনুদান হিসেবে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, শাহেদের নিয়োগদাতা প্রতিষ্ঠান সাদ আল-ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি তাঁর বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। অর্থটি রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। শিগগিরই প্রবাসী কল্যাণ বোর্ডের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শাহেদের পরিবারের কাছে বিএমইটি কার্ড বা সমমানের পরিচয়পত্র থাকলে তারা আরও ৩ লাখ টাকা সহায়তা পেতে পারে। এ ছাড়া প্রযোজ্য বিমা সুবিধার আওতায় পরিবারটি আরও ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশিসহ আরও ৩০৮ জন আহত হন।

বিজ্ঞাপন

তথ্য সূত্র : ইউএনবি

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD