আজ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিং মল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। ফলে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।
বিজ্ঞাপন
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আগের সূচি কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম বহাল থাকবে।
চলতি ২০২৬ সালে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
বিজ্ঞাপন
কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। সে সময় থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।








