Logo

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, ২ বাংলাদেশি আহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬, ২০:০২
সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, ২ বাংলাদেশি আহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আরামকোর তেল শোধনাগারে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। তাঁরা বর্তমানে দাম্মামের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালের নাগরিক রয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় দুই বাংলাদেশি আহত হন। বর্তমানে তাঁরা দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি হাসপাতালে গিয়ে আহত দুই বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় গরম ও ধোঁয়ার কারণে দুই বাংলাদেশি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তবে তাঁদের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন এবং দূতাবাসের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২৩ অক্টোবর) তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

আহত দুই বাংলাদেশির একজন হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস। অপরজন নোয়াখালী সদর উপজেলার দিনমনিরহাট এলাকার সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আবদুর রহিম।

এদিকে ইয়েমেনের হুথি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ঘটনা বাড়ছে।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে দেশটির বিভিন্ন বিমানবন্দরে হুথি বাহিনীর হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD