যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার কাছে কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবে না ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার কথাও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে আলোচনায় অগ্রগতি অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রকে আগের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইরাকি গণমাধ্যম নেটওয়ার্ক আল-আখবারিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। তার ভাষ্য অনুযায়ী, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলছে। তবে অতীতের অভিজ্ঞতার কারণে ওয়াশিংটনের প্রতিশ্রুতি নিয়ে তেহরানের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দুই দেশের বিরোধের মূল কারণ শুধু তেহরানের পারমাণবিক কর্মসূচি নয়। বরং ইরানের ইসলামী শাসনব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং মার্কিন আধিপত্য মেনে নিতে তেহরানের অনিচ্ছাই দ্বন্দ্বের অন্যতম প্রধান বিষয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আরাগচির দাবি, যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি মেনে নিতে চায় না, যেখানে ইরান মার্কিন আধিপত্যের বিরোধিতা করবে এবং দেশটির ক্ষমতার কাছে নতি স্বীকার করবে না। তার মতে, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধকে মূল সমস্যার পরিবর্তে অজুহাত হিসেবে সামনে আনা হচ্ছে।
বিজ্ঞাপন
আলোচনার পরও হামলা, আস্থার সংকটে তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অতীত অভিজ্ঞতা তুলে ধরে আরাগচি বলেন, ইরান এর আগে তিন দফায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসেছিল। কিন্তু প্রতিবারই আলোচনার পর শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গত বছরের জুনে এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দুই দফা হামলার সময়ই দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। এ ছাড়া গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র পরে লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।
বিজ্ঞাপন
আরাগচির ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই।’
হরমুজ প্রণালি খুলতে সাত দিনের পরিকল্পনা
কূটনৈতিক উদ্যোগ পুরোপুরি ব্যর্থ হওয়া ঠেকাতে ইরান সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে বলে জানান আরাগচি। এর আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলার জবাব এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ রাখা হয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথমে যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদে হওয়া সমঝোতা স্মারকের অধীনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এরপর হরমুজ প্রণালি নিয়ে দুই পক্ষকে সমঝোতায় পৌঁছাতে হবে। সম্মত শর্তের ভিত্তিতে নৌপথটি পুনরায় চালুর পর চূড়ান্ত চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আরাগচি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা যাতে পুরোপুরি ব্যর্থ না হয়, সে লক্ষ্যেই এই পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। তবে এর সফলতা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগের সমঝোতার শর্ত পূরণ এবং হরমুজ প্রণালি নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারলেই পরবর্তী আলোচনায় অগ্রগতির সুযোগ তৈরি হবে। তবে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মেনে চলবে কি না, তার ওপরই কূটনৈতিক উদ্যোগের ভবিষ্যৎ নির্ভর করছে।
বিজ্ঞাপন
সূত্র: মেহের নিউজ এজেন্সি








