Logo

ফ্রান্সে বিক্ষোভের পর লুটের পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬, ১৭:৪২
ফ্রান্সে বিক্ষোভের পর লুটের পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে
ছবি: সংগৃহীত

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের পর এবার নতুন সংকটে পড়েছে দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। বিক্ষোভের সময় লুট হওয়া বিভিন্ন পণ্য অনলাইন মার্কেটপ্লেসে বিক্রির চেষ্টা করছেন লুটকারীরা। এ পরিস্থিতিতে চোরাই পণ্যের কেনাবেচা বন্ধ করতে অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে ফরাসি সরকার।

বিজ্ঞাপন

গত শনিবার ফ্রান্সজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নেন। তবে আন্দোলনের একপর্যায়ে কিছু দুষ্কৃতকারী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। পরে আরও অনেকে এই লুটপাটে যোগ দেন। এতে বেশ কয়েকটি খুচরা বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

বিক্ষোভের দিন লুট হওয়া পণ্যগুলোর একটি অংশ এখন অনলাইনে বিক্রির চেষ্টা চলছে। ফলে সরাসরি লুটপাটের ক্ষতির পাশাপাশি অনলাইনে চোরাই পণ্যের পুনর্বিক্রির কারণে ব্যবসায়ীরা নতুন করে আর্থিক ঝুঁকিতে পড়েছেন।

ফ্রান্সের ক্ষুদ্র ব্যবসাবিষয়ক মন্ত্রী সার্জে পাপিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গত সোমবার অনলাইন মার্কেটপ্লেস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে লুট হওয়া পণ্যের কেনাবেচা প্রতিরোধে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে প্ল্যাটফর্মগুলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার মন্ত্রী আরও জানান, লুট করা পণ্য অনলাইনে বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অবৈধ বাণিজ্য বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সময় লুই ভিটোঁ ও রোলেক্সের মতো বিলাসবহুল পণ্য বিক্রির প্রতিষ্ঠানগুলো লুটপাটের শিকার হয়। পাশাপাশি প্রসাধনী ও সৌন্দর্যচর্চার পণ্য বিক্রেতা সেফোরার খুচরা দোকানগুলোতেও হামলা ও লুটের ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার (২১ অক্টোবর) জানিয়েছে, লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত দোকানগুলো এমনিতেই বড় ধরনের আর্থিক লোকসানের মুখে রয়েছে। তার ওপর লুট হওয়া পণ্য আবার অনলাইনে বিক্রির চেষ্টা তাদের ব্যবসায়িক সংকট আরও বাড়িয়ে তুলছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, অনলাইন মার্কেটপ্লেসে চোরাই পণ্যের বিক্রি ঠেকাতে কার্যকর নজরদারি এবং বিক্রেতাদের পরিচয় যাচাই গুরুত্বপূর্ণ। ফরাসি সরকারের উদ্যোগের লক্ষ্য হলো লুট হওয়া পণ্যের পুনর্বিক্রি বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করা।

সূত্র: রয়টার্স, সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD