Logo

শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
৫ নভেম্বর, ২০২৬, ১৯:১৪
শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে, তোমাদের তৈরি করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং এই দেশের মালিক।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের বহুমুখী প্রতিভা বিকাশের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, শুধু পড়ালেখা করলেই চলবে না। এর পাশাপাশি প্রত্যেক শিশুকে খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে বিশ্ব জয় করা সম্ভব নয়। বিশ্বে এগিয়ে যেতে হলে জ্ঞান, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই পারদর্শী হতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, তোমরা পড়ালেখা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট কিংবা আইনজীবী হবে। কিন্তু এর পাশাপাশি তোমাদের খেলাধুলা, আর্ট ও কালচারও জানতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে নিজেদের বহুমুখী দক্ষতার পরিচয় দিয়েছে। দেশের অন্য শিশু-কিশোরদেরও একইভাবে প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে তিনি বলেন, ‘তোমরা পারো, ইউ ক্যান ডু ইট। তোমরা পড়ালেখা করতে পারো, খেলাধুলা করতে পারো, একইভাবে শিল্প ও সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে পারো।’

বিজ্ঞাপন

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ইতোমধ্যে ১৬ লাখের বেশি শিশু-কিশোর অংশ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আগামী জুনে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দেশের ৫০০টির বেশি উপজেলা, পৌরসভা, জেলা ও বিভিন্ন ইউনিটের প্রতিযোগীরা অনলাইনের মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে।

তারেক রহমান বলেন, ১৬ লাখ শিশু-কিশোরের অংশগ্রহণই প্রমাণ করে, দেশের শিশুদের মধ্যে প্রতিভার কোনো ঘাটতি নেই। তাদের মেধা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব।

শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপযোগী পরিবেশ তৈরির আশ্বাস দিয়ে তিনি বলেন, এ জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

শিশুদের আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ করে তুলতে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে প্রত্যেক শিশুকে একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

তারেক রহমান বলেন, ‘তোমরা যদি পড়ালেখায় ভালো হও, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হও এবং তৃতীয় একটি বিদেশি ভাষা শিখতে পারো, তাহলে পৃথিবীর কোনো জাতিই তোমাদের আটকে রাখতে পারবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একদিন বাংলাদেশ এমন একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, যাকে বিশ্ববাসীর সামনে উদাহরণ হিসেবে তুলে ধরা হবে। তখন অন্য কোনো দেশের উদাহরণ দেওয়ার প্রয়োজন হবে না, বরং বিশ্বের মানুষ বাংলাদেশের উদাহরণ দেবে।

শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই দেশ তাদেরই। নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্বও তাদের। প্রত্যেককে বাংলাদেশের একজন করে অ্যাম্বাসেডর হিসেবে গড়ে উঠতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বিকেল পৌনে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

উদ্বোধনী আয়োজনে বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া চীনের শিক্ষার্থীদের পরিবেশিত দেশটির ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্সও উপভোগ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD