মোংলা বন্দরের উন্নয়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো এবং আধুনিক বন্দরসেবা নিশ্চিত করতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে দুটি কনটেইনার জেটি। পাশাপাশি উন্নত করা হবে বন্দরের প্রয়োজনীয় অবকাঠামো।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়বে এবং বন্দরকেন্দ্রিক সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে দিনের কর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। এক দিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোংলায় পৌঁছেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সমঝোতা স্মারকে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোনস বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনা পক্ষের হয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ বাড়াতে যৌথভাবে কাজ করবে দুই পক্ষ। এতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং অবকাঠামোগত সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে।








