শ্রমিক অসন্তোষে ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে। ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্ব পালনকারী সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।








