মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নেবেন। বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।








