Logo

মিরপুরে শ্রমিকদের সড়কে নামতে বাধা, এখন পর্যন্ত গ্রেফতার ২৯

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৪:৪৭
মিরপুরে শ্রমিকদের সড়কে নামতে বাধা, এখন পর্যন্ত গ্রেফতার ২৯
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনের তৃতীয় দিনেও রাজধানীর মিরপুরে সড়কে নামতে পারেননি পোশাকশ্রমিকেরা। সোমবার দুই দফায় বিক্ষোভকারীরা সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনায় গতকাল থেকে এখন পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার আবু নাসের রিকাবদার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

মিরপুর গোলচত্বর এলাকায় উপস্থিত হয়ে তিনি বলেন, “আজ শ্রমিকরা দুই দফায় রাস্তায় নামার চেষ্টা করেছিল। তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে।”

জানা গেছে, সোমবার সকাল থেকে দুই দফায় শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। মিরপুর-১৪ এলাকায় একবার ধাওয়া দেওয়া হয়। পরে মিরপুর-২ এলাকায় টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিন বেলা ১১টার দিকে মিরপুর-৬ নম্বর শিয়ালবাড়ী ও পূরবী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-২ হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ একটি টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯টার দিকে মিরপুর-১৪ এলাকায় জড়ো হয়ে মিরপুর-১০ গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকেরা। পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।

আন্দোলন ঘিরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় একাধিক মামলা হয়েছে বলে জানান মিরপুর বিভাগের উপ-কমিশনার আবু নাসের রিকাবদার। তিনি বলেন, আরও মামলা হবে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

বিজ্ঞাপন

এর আগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ও প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে এমন ব্যক্তিরা যুক্ত থাকতে পারেন, যাদের উদ্দেশ্য সড়ক অবরোধ, আইন লঙ্ঘন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো।

তিনি বলেন, “যেই হোক, আমাদের কাছে যারা আইন অমান্য করছে, আইন লঙ্ঘন করছে, আইন-শৃঙ্খলা অবনতি করতে চাচ্ছে বা করছে, তারা আমাদের দৃষ্টিতে অপরাধী। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।”

গ্রেফতার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, “আমাদের কাছে কোনো অপরাধীর বিশেষ কোনো পরিচয় নাই। যারা আইন অমান্য করছে, আইন অমান্য করে জনগণের জানমালের নিরাপত্তা বা রাষ্ট্রীয় সম্পত্তি বা সম্পদহানি করার চেষ্টা করছে তারা আমাদের দৃষ্টিতে অপরাধী। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD