শ্রমিকদের চলমান আন্দোলনে ‘পতিত শক্তির দোসররা’ ঢুকে পড়েছে

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে ‘পতিত শক্তির দোসররা’ ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অস্থিরতা তৈরিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কিছু পোশাকশিল্প মালিকেরও ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, “দুঃখজনক বিষয় হলো, এর পেছনে কিছু শিল্পমালিক জড়িত। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও এর সঙ্গে জড়িত আছেন।”
বৈঠকে কারখানার মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কিছু শিল্পমালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন। তাদের তালিকা দিতে মালিক সংগঠনগুলোর নেতাদের বলা হয়েছে। একই সঙ্গে অস্থিরতা সৃষ্টিতে জড়িত শ্রমিকনেতা ও সংগঠনগুলোর নামও চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পোশাকশিল্পের পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের পক্ষ থেকে যোগাযোগের জন্য নির্দিষ্ট ব্যক্তি ঠিক করা হয়েছে। মালিক সংগঠনগুলোর পক্ষ থেকেও যোগাযোগের দায়িত্বে নির্দিষ্ট ব্যক্তি থাকবেন। এ জন্য পুলিশ সদর দপ্তরে একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কোনো শিল্পকারখানা বন্ধ হোক, সেটা চাই না। এক মুহূর্তের জন্য বন্ধ হোক, সেটা চাই না।”
চলমান অস্থিরতায় প্রকৃত কোনো শ্রমিক জড়িত নন বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, কিছুদিন ধরে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের সমর্থক কয়েকটি পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সড়ক-মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালানোর পেছনে যারা ইন্ধন দিচ্ছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কয়েকজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। তাদের কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ, অডিও এবং সহিংস ঘটনার সচিত্র প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
ন্যূনতম মজুরি নির্ধারণে সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। সোমবারই বোর্ডের প্রথম সভা হতে পারে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তা না হলে খুব অল্প সময়ের মধ্যেই সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রতি তিন বছর পরপর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার কয়েক সপ্তাহ আগে থেকেই উদ্যোগ নিয়েছিল। মালিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিক সংগঠনগুলো নাম দিতে কয়েক দিন সময় নেয়। গত পরশু রাতে তারা প্রতিনিধির নাম দেয়। এরপর শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রজ্ঞাপনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। চলমান সংকট নিরসনে সোমবার সকালে সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।








