Logo

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৭:০৫
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়। এ লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বিদ্যুতের অপচয় কমানো, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং আধুনিক জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে এ বিষয়ে গঠিত মতামত সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় সংসদ সচিবালয় এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের একটি ত্রিমাত্রিক (থ্রিডি) নকশা উপস্থাপন করা হয়। এতে সংসদ ভবনের সামগ্রিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম, ভবনের বিভিন্ন অংশে স্বাভাবিক বায়ু চলাচল এবং সোলার প্যানেল বসানোর উপযোগী খালি ও অব্যবহৃত জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কমিটির আলোচনায় বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এ ব্যবস্থাকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির বিষয়েও মতামত উঠে আসে।

বিজ্ঞাপন

বিদ্যুতের অপচয় ঠেকাতে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরনির্ভর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা বাড়ানো এবং অপচয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংসদ ভবন কমপ্লেক্সে থাকা সোনালী ব্যাংকের শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের জন্য সাব-মিটার অথবা প্রিপেইড মিটার বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও সভায় গুরুত্ব পায়। এ ক্ষেত্রে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অধিবেশন না থাকলে নামাজের আধা ঘণ্টা আগে এসি চালুর সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ সংসদ ভবন এলাকার খেলার মাঠটির বরাদ্দ ও চুক্তিসংক্রান্ত নথি যাচাই করে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডিপিডিসির মাধ্যমে সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD